বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ভারতের বিপক্ষে হেরে গোলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বৃহস্পতিবার ম্যানচেস্টারে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন জুয়াইরিয়া। টার্গেট তাড়া করতে নেমে ১৯ বল হাতে রেখে ৫ উইকেটে জয় লাভ করে ভারত।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হন দিলারা আক্তার। তিনি ৮ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন। তবে জুয়াইরিয়া ও সোবহানা ধীরে ধীরে দলকে এগিয়ে নেন। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৪০ রান। ৩১ বলে ৫ চারসহ ৩৩ রান করে ফেরেন জুয়াইরিয়া। এরপর ২৬ বলে ২২ রানে ফেরেন সোবহানা মোস্তারি।
মাঝের ওভারে দায়িত্ব তুলে নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি। দ্রুত রান তোলার চেষ্টায় বড় শট খেলতে গিয়ে আউট হওয়ার আগে ২৭ বলে ৩২ রান করেন তিনি। শেষ দিকে শারমিন আক্তার সুপ্তা ১২ বলে ১০, রিতু মনি ৪ বলে ৮ এবং স্বর্ণা আক্তার ১০ বলে ১৩ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন।
টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন শেফালি। মারুফা আক্তারের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন তিনি। তবে সেই সহজ সুযোগ নিতে পারেননি জ্যোতি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ভারতীয় ওপেনারকে। দলকে জয়ের দুয়ারে নিয়ে গিয়ে ৮ চার ও ১ ছক্কায় ৩৪ বলে ৫৩ রানের দারুণ ইনিংস খেলে ফেরেন ডানহাতি এই ওপেনার।
শেফালির মতো জেমিমাহ রদ্রিগেজও শুরুতে জীবন পেয়েছিলেন। সহজ রানআউটের সুযোগ কাজে লাগাতে পারেননি নাহিদা। সেই সুযোগ কাজে লাগিয়ে ১৫ বলে ২৬ রানের কার্যকর ইনিংস খেলেন জেমিমাহ। রিতু মনি তাকে ফিরিয়ে দিলেও ততক্ষণে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে ভারত। শেষ পর্যন্ত অধিনায়ক হারমানপ্রীত কৌর ও দীপ্তি শর্মার দায়িত্বশীল ব্যাটিংয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত। ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

