11 Jul 2026, Sat

বৈরী আবহাওয়ায় বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ

টানা ভারী বর্ষণ, পাহাড়ধস ও বন্যা পরিস্থিতির কারণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার মেয়াদ আবারও বাড়িয়েছে জেলা প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য বন্ধ থাকবে।

শুক্রবার (১০ জুলাই) জেলা প্রশাসনের জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান বৈরী আবহাওয়া এবং জেলার বিভিন্ন এলাকায় সৃষ্ট ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ৬ জুলাই প্রথম দফায় ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। পরে আবহাওয়ার উন্নতি না হওয়ায় ৯ জুলাই দ্বিতীয় দফায় সেই মেয়াদ বাড়িয়ে ১২ জুলাই পর্যন্ত করা হয়েছিল। সর্বশেষ পরিস্থিতির আরও অবনতি হওয়ায় তৃতীয় দফায় নিষেধাজ্ঞার মেয়াদ ১৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, এ সময়ের মধ্যে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশ ও ভ্রমণ বন্ধ থাকবে। জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এদিকে টানা বর্ষণে জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধস, নদ-নদীর পানি বৃদ্ধি এবং সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় স্বাভাবিক জনজীবন বিঘ্নিত হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *