পয়লা বৈশাখ সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপণ্যের দামে নতুন করে চাপ তৈরি হয়েছে। বিশেষ করে ইলিশের বাজারে দামের ঊর্ধ্বগতি সবচেয়ে বেশি চোখে পড়ছে। বৈশাখের ঐতিহ্য ঘিরে চাহিদা বাড়লেও সরবরাহ কম থাকায় এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪০০-৬০০ টাকা পর্যন্ত বেড়েছে ইলিশের দাম।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বড় আকারের ইলিশ (১ কেজি ২০০-১ কেজি ৫০০) এখন কেজিপ্রতি ৩১০০-৩৫০০ টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েক দিন আগেও ছিল ২৭০০-৩০০০ টাকার মধ্যে। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০-২৮০০ টাকায়। ৮০০-৯০০ গ্রামের ইলিশের দাম উঠেছে ২২০০-২৪০০ টাকা। ছোট আকারের, অর্থাৎ ৫০০-৬০০ গ্রামের ইলিশ কিনতেও গুনতে হচ্ছে ১৮০০-২০০০ টাকা, কোথাও আবার ২২০০ টাকাও নেওয়া হচ্ছে। বাজার-সংশ্লিষ্টদের মতে, নদীতে মাছ ধরা কমে যাওয়ায় সরবরাহ কমে গেছে। সেই সঙ্গে বৈশাখ ঘিরে বাড়তি চাহিদা দামে সরাসরি প্রভাব ফেলছে। ফলে অনেক ক্রেতাই ইলিশের বদলে অন্য মাছের দিকে ঝুঁকছেন। তবে অন্য মাছেও স্বস্তি নেই। রুই ও কাতলা কেজিপ্রতি ৩২০-৩৮০, পাঙাশ ১৮০-২০০ এবং তেলাপিয়া ১৮০-২২০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। চিংড়ির দাম কেজিপ্রতি ৬৫০-৭৫০ টাকা। মাঝারি আকারের কই মাছ ২০০-২৫০, দেশি শিং ৬৫০-৭৫০, শোল ৬৫০, সুরমা ৩০০-৩৫০ এবং পাবদা ৩৫০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮০-১৯০ টাকায় বিক্রি হলেও সোনালি মুরগি এখনো উচ্চ দামে বিক্রি হচ্ছে, প্রতি কেজি ৩৮০-৪২০ টাকা।
এদিকে সাম্প্রতিক বৃষ্টির প্রভাবে সবজির বাজারেও বেড়েছে দাম। বেশির ভাগ সবজি এখন ৮০ টাকার আশপাশে। পটোল, ঢ্যাঁড়শ ৬০-৮০ টাকা, সিম ও সজিনা ৮০-১২০ টাকা আর ঝিঙা, করলা, বরবটি ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে। কাকরোলের দাম আরও বেশি, ১২০-১৬০ টাকা পর্যন্ত উঠেছে। আলু তুলনামূলক কমদামে ২০-২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পিঁয়াজ ৩০-৩৫ এবং কাঁচামরিচ ১০০-১২০ টাকা। চালের মধ্যে প্রতি কেজি মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট চাল ৮৫-৮৮ ও রশিদ মিনিকেটের দাম ৭৫-৮০ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে। নন-ব্র্যান্ডের মিনিকেটের দাম ৭০ টাকা। দামি মিনিকেট মোজাম্মেল বিক্রি হচ্ছে ৯০ টাকায়।
চিকন মসুর ডাল কেজিপ্রতি ১৬০-১৭০ এবং মোটা মসুর ডাল ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বড় মুগ ডাল ১৪০, ছোট মুগ ডাল ১৭০, খেসারি ডাল ১০০, বুটের ডাল ১১৫ এবং মাষকলাই ডাল ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বৈশাখকে ঘিরে বাজারে বাড়তি চাপ তৈরি হয়েছে। বিশেষ করে ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় উৎসবের প্রস্তুতিতে কিছুটা অস্বস্তিই বাড়ছে।

