৩০ এপ্রি ২০২৬, বৃহঃ

ভারী বর্ষণে রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কা, প্রশাসনের সতর্কতা

কয়েকদিনের টানা ভারী বর্ষণের কারণে রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। জানমালের নিরাপত্তা রক্ষায় বুধবার সন্ধ্যা থেকে জেলা শহরের পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সচেতনতামূলক মাইকিং এবং প্রচারণা চালাচ্ছে স্থানীয় প্রশাসন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বৃষ্টি হলে পাহাড় ধসের শঙ্কা বাড়ে। যে কারণে জানমালের ক্ষতি এড়াতে জেলা প্রশাসন এবং রাঙামাটি পৌরসভার কর্তৃপক্ষ সমন্বয় করে শহরের পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জনসচেতনতামূলক মাইকিং এবং প্রচারণা চালাচ্ছে।

বৃষ্টি শুরু হলে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের দ্রুত সময়ের মধ্যে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হচ্ছে।

প্রশাসনের তথ্যমতে, রাঙামাটিতে একশোর বেশি এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমের আগে এসব এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। ভারী বৃষ্টিপাত শুরু হলে ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়। এছাড়া প্রায় ৫০ হাজার মানুষ এখনো পাহাড়ধসের ঝুঁকির মধ্যেই বসবাস করছে।

রাঙামাটি জেলা প্রশাসক ( ডিসি) নাজমা আশরাফী বলেন, পাহাড় ধসে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৩ জুন রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধসে পাঁচজন সেনা সদস্যসহ ১২০ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এরপর ২০১৮ সালের জুনে নানিয়ারচরে পাহাড়ধসে দুই শিশুসহ ১১ জন এবং ২০১৯ সালের জুনে কাপ্তাইয়ে তিনজনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *