7 Jul 2026, Tue

ভিয়েতনামে সেরা সিনেমার পুরস্কার জিতল বাংলাদেশের ‘রইদ’

ভিয়েতনামের দা নাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সমালোচক বিভাগে সেরা এশিয়ান চলচ্চিত্রের পুরস্কার জিতেছে নির্মাতা মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’। আন্তর্জাতিক অঙ্গনে এই স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা।

ফেসবুকে দেওয়া এক পোস্টে মেজবাউর রহমান সুমন জানান- এই সম্মান অর্জন করতে পেরে তিনি গর্বিত। একই সঙ্গে উৎসব কর্তৃপক্ষ এবং বিচারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশের গল্পকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য তিনি তাদের ধন্যবাদ জানাচ্ছেন।

‘রইদ’ সিনেমার গল্প রাজবাড়ীর এক গ্রামকে ঘিরে। এতে সাদু নামের এক ব্যক্তি ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে কেন্দ্র করে এগিয়েছে কাহিনি। স্ত্রীকে বারবার দূরে ফেলে এলেও তিনি নানা বাধা পেরিয়ে আবার স্বামীর ঘরে ফিরে আসেন। বাস্তব জীবনের এই গল্প নির্মাতা পেয়েছেন তার মা সেলিনা বানু মনির কাছ থেকে।

সিনেমাটিতে সাদুর চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান এবং তার স্ত্রীর চরিত্রে নাজিফা তুষি। এছাড়া গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে অভিনয় করেছেন।

মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি গল্পটি লিখেছেন। চিত্রনাট্য করেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ ও সুকর্ণ শাহেদ ধীমান। সিলেটের মেঘালয় সীমান্তবর্তী এলাকায় সিনেমাটির দৃশ্যধারণ করা হয়।

গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘রইদ’ অভিনয়, গল্প ও চিত্রায়ণের জন্য দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জয়ের মাধ্যমে সেই সাফল্যে যোগ হলো নতুন স্বীকৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *