চাঁদে মানুষ পাঠানোর পথে আবারও কিছুটা থমকে গেল নাসা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের বহুল আলোচিত ও ঐতিহাসিক আর্টেমিস–২ মিশনের উৎক্ষেপণ পিছিয়ে দিয়েছে। এখন নাসা জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসে এই মিশনের রকেট উৎক্ষেপণ হতে পারে। আগে ফেব্রুয়ারির শুরুতেই উৎক্ষেপণের পরিকল্পনা ছিল।
এই সিদ্ধান্ত এসেছে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার পর। পরীক্ষাটির নাম ওয়েট ড্রেস রিহার্সাল (উৎক্ষেপণের আগে পুরো প্রক্রিয়া অনুশীলন করে দেখা)। এই পরীক্ষায় রকেটটিকে জ্বালানি ভরে ঠিক উৎক্ষেপণের মতো করে কাউন্টডাউন চালানো হয়, তবে রকেট ওড়ে না। পরীক্ষার সময় ঠান্ডা আবহাওয়ার কারণে দেরি হয়। পাশাপাশি রকেটে হাইড্রোজেন গ্যাস লিক সমস্যাও দেখা দেয়।
নাসা জানায়, এসব সমস্যা খতিয়ে দেখতেই উৎক্ষেপণ পিছিয়ে দেওয়া হয়েছে। আবারও একটি পরীক্ষা চালানো হবে, যাতে ভবিষ্যতে কোনো বড় ঝুঁকি না থাকে। নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান বলেন, এ ধরনের সমস্যা আগেই ধরা পড়াই এই পরীক্ষার মূল উদ্দেশ্য।
আর্টেমিস–২ মিশনের মাধ্যমে চারজন নভোচারী ১০ দিনের জন্য চাঁদের চারপাশে ঘুরে আসবেন। তারা চাঁদের উল্টো পিঠ (যে দিক পৃথিবী থেকে দেখা যায় না) পর্যন্ত যাবেন। এই মিশনে থাকছেন—নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কখ এবং কানাডার নভোচারী জেরেমি হ্যানসেন। সফল হলে এটি হবে পাঁচ দশকের বেশি সময় পর মানুষের প্রথম গভীর মহাকাশযাত্রা।
নাসা জানিয়েছে, মার্চের নির্ধারিত তারিখে উৎক্ষেপণ না হলে রকেটকে আবার কারখানায় (যেখানে রকেট তৈরি ও মেরামত করা হয়) ফিরিয়ে নিতে হতে পারে। তবে আপাতত পরীক্ষার তথ্য বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

