30 Jun 2026, Tue

রাহুলের মৃত্যুতে বিস্ফোরক মন্তব্য রুদ্রনীলের

অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে টালিউড ইন্ডাস্ট্রিতে। সহশিল্পী থেকে শুরু করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে অনেকেই তার মৃত্যুর ব্যাপারে নানা প্রশ্ন তুলেছেন। এবার তার মৃত্যু নিয়ে প্রশ্ন তুললেন টালিউডের আরেক অভিনেতা রুদ্রনীল ঘোষ।
তিনি বলেন, রাহুলের মৃত্যু মর্মান্তিক বললেও কম বলা হয়। সুস্থ স্বাভাবিক অত্যন্ত বুদ্ধিমান, সপ্রতিভ এবং গুণী অভিনেতা আমাদের ভাই, তার এইভাবে চলে যাওয়া। শুটিং করতে গিয়ে এই মৃত্যু অত্যন্ত উদ্বেগের। কেওড়াতলা মহাশ্মশানে দাঁড়িয়ে রয়েছি, বুম্বাদা কৌশিকদা অঙ্কুশ আরও অনেকে এসেছেন। দল মত নির্বিশেষে সকলে আছেন। কিন্তু এখনো এই খবর বিশ্বাস হচ্ছে না।

অভিনেতা বলেন, এই সময়টা অত্যন্ত কঠিন। বেঁচে থাকতে গেলে শিরদাঁড়া সোজা রাখতে পারেন না অনেকে, কিন্তু আমাদের বাবিন আত্মসম্মানের সঙ্গে কখনও আপোষ করেনি। নিজের মতামত যুক্তি দিয়ে রাখত। সমাজ-রাজনীতি সব বিষয় অগাধ জ্ঞান ছিল। রাহুল এবং আমি দুজনেই যখন স্ট্রাগল করেছি একসঙ্গে বহু সময় কাটিয়েছি। নিজের স্বার্থে যে মতামত বদলায় না এমন মানুষ এখন বিরল।

রাহুলের মৃত্যুতে সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন রুদ্রনীল। তিনি বলেন, শিল্পী কিংবা টেকনিশিয়ান কারও সুরক্ষার জন্য আলাদা কোনো বাজেট হয় না। নানাবিধ নিয়মনীতি আছে কিন্তু এই বিষয় কোনো বাজেট নেই। তালসারিতে যারা গিয়েছিলেন তাদের একজনের সঙ্গে অন্যজনের বক্তব্য মিলছে না। আবার ময়নাতদন্ত রিপোর্টে আছে, এক ঘণ্টা নাকি পানির তলায় ছিল।

তিনি বলেন, যে হোটেলে রাহুল ছিল সেই হোটেলের কিছু মানুষ আমার চেনা। তারা আমাকে জানালেন, এক ঘণ্টা রাহুল পানিতে ছিল না। উত্তাল সমুদ্র নয়, তালসারির সমুদ্র শান্ত। বালি আর মাটি মাখামাখি হয়ে কিছু খাড়ি থাকে। সেইখানে শুটিং হচ্ছিল। কেউ হয়তো কিছু লুকোবার চেষ্টা করছেন। ছেলেটারই গাফিলতি ছিল বোঝাতে চাইছে কিন্তু আবারও বলছি ওটা সমুদ্র নয়, খাড়ি সরু নদীপথ। এখানে মাত্র দুটো নৌকা যাতায়াতের জায়গা থাকে। বিশাল চওড়া নয়।

ড্রোন শট নেওয়ার সময় এই বিপত্তি ঘটে বলে শুনেছেন রুদ্রনীল। তিনি বারবার বলেন, রাহুলের সহ অভিনেতা অভিনেত্রীদের বয়ানে মিল নেই। তাই নির্দ্বিধায় বলা যায় কেউ কিছু ভুল তথ্য দিচ্ছেন। কড়া তদন্ত প্রয়োজন। নিরপেক্ষ তদন্ত দরকার।

উদাসীনতার জন্য এই দুর্ঘটনাকে এড়িয়ে গেলে ভবিষ্যতে আবার এই ধরনের ঘটনা ঘটবে এমনটাই আশঙ্কা রুদ্রনীলের। যে কোনো শিল্পী, ভাই বোন আবার রাহুল হতে পারেন, আশঙ্কা প্রকাশ করে বলেন রুদ্রনীল।

কার গাফিলতিতে এই দুর্ঘটনা তা জানা প্রয়োজন। আর্টিস্টদের তরফে যে আর্টিস্ট ফোরাম রয়েছে, টেকনিশিয়ানদের নিরাপত্তা দেখার জন্য যে ফেডারেশন রয়েছে তাদের নেতৃত্বে যারা, তাদের উচিত কড়া পদক্ষেপ করা যাতে আর কেউ রাহুল না হয়।

সিকিউরিটি বাজেট অবশ্যই করতে হবে এবং এই ঘটনায় কার গাফিলতি সে কার ঘনিষ্ঠ বা কত প্রভাবশালী সেসব না দেখে অপরাধীকে চিহ্নিত করতেই হবে। সংবাদমাধ্যমের উদ্দেশেও রুদ্রনীল বলেন, আপনারা যারা মিডিয়ার বন্ধু তারাও তো আমাদের সঙ্গে শুটিংয়ে যান। এই বিপদ তো আপনাদের ওপরেও নেমে আসতে পারে। এই বিপদ থেকে বেরোতেই হবে। সত্যকে সামনে আনার জোরালো দাবি তুললেন রুদ্রনীল।

টালিউডের পরিচিত মুখ অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় মারা গেছেন। রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় পানিতে ডুবে তিনি মারা যান। তার বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। পশ্চিমবঙ্গ ও ওড়িশার সীমান্তবর্তী তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন রাহুল।

By Fhrakib

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *