টানা দ্বিতীয় মৌসুম বড় কোনো শিরোপা ছাড়াই শেষ করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে থেকে আগেই বিদায় নেওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগেও তাদের যাত্রা থেমে গেছে কোয়ার্টার ফাইনালে। লা লিগায়ও শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে আছে তারা। এই অবস্থায় মঙ্গলবার আলাভেসের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্টরা।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ আলভারো আরবেলোয়া ঘরোয়া লিগে দলের হতাশাজনক পারফরম্যান্সের জন্য আংশিকভাবে স্প্যানিশ রেফারিদের দিকেই ইঙ্গিত করেছেন। বিশেষ করে গত ১০ এপ্রিলের ম্যাচে কিলিয়ান এমবাপ্পের ওপর বক্সের ভেতরে ফাউল হলেও পেনাল্টি না দেওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
আরবেলোয়ার মতে, রিয়ালের জন্য লা লিগার চেয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা যেন সহজ। গত দুই দশকে তারা লা লিগা জিতেছে সাতবার, সর্বশেষ ২০২৪ সালে; অন্যদিকে একই সময়ে চ্যাম্পিয়ন্স লিগে ছয়বার শিরোপা জিতেছে।
তার এই মন্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, এর পেছনে নির্দিষ্ট কারণ রয়েছে, যা অনেকেই বুঝতে পারবেন। সাম্প্রতিক সময়ে বড় ম্যাচগুলোতে রিয়াল ভালো খেললেও তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে তারা প্রত্যাশা পূরণ করতে পারেনি।
তিনি আরও বলেন, জিরোনার বিপক্ষে ম্যাচের মতো কিছু বিতর্কিত পরিস্থিতির মুখে পড়তে হয়েছে, যা তাদের লা লিগায় পিছিয়ে পড়ার অন্যতম কারণ। তার দাবি, এসব কারণেই চ্যাম্পিয়ন্স লিগ জেতা তুলনামূলক সহজ হয়ে দাঁড়িয়েছে।
স্প্যানিশ রেফারিং নিয়ে রিয়ালের অভিযোগ নতুন নয়। বিশেষ করে বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠার পর এ বিতর্ক আরও জোরদার হয়েছে। আরবেলোয়া এটিকে স্প্যানিশ ফুটবলের সবচেয়ে বড় কেলেঙ্কারি হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে গত সপ্তাহে বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে রিয়াল। ফলে টানা দ্বিতীয় মৌসুম শিরোপাহীন থাকার শঙ্কা তৈরি হয়েছে।
এ প্রসঙ্গে আরবেলোয়া বলেন, দুই মৌসুম ধরে কোনো ট্রফি না পাওয়া রিয়ালের ইতিহাসে বিরল ঘটনা। তিনি জানান, এই ক্লাব সবসময় জয়ের মানসিকতা নিয়ে এগোয় এবং হারকে মেনে নেওয়া তাদের সংস্কৃতির অংশ নয়। তাই মৌসুমের বাকি সাতটি ম্যাচ জিততেই হবে বলে তিনি জোর দেন।

