12 Jul 2026, Sun

শেরপুরে টানা বৃষ্টিতে পাহাড় ধস, সীমান্ত সড়কে যান চলাচল ব্যাহত

তিন দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে শেরপুরের শ্রীবরদী উপজেলায় আকস্মিক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। শনিবার (১১ জুলাই) বিকালের দিকে উপজেলার বালিজুরী থেকে ঝুলগাও সীমান্ত সড়কের বালিজুরি গলাচিপা নামক স্থানে এই ঘটনা ঘটে। পাহাড় ধসের ফলে বেশ কিছু গাছের ক্ষতি হয়েছে এবং ওই সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জেলার শ্রীবরদী উপজেলার বালিজুরি বন বিভাগ সূত্রে জানা গেছে, অতিবৃষ্টির কারণে পাহাড়ের কিছু আংশ ধসে রাস্তার ওপর পড়ে। খবর পেয়ে স্থানীয় বন বিভাগের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে অপসারণ করেন এবং রাস্তাটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করে তোলেন। তবে রাস্তার ওপর প্রচুর কাদামাটি জমে থাকায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে।

এই পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে সীমান্ত সড়কটি ব্যবহারে সতর্কতা অবলম্বন অথবা এর পরিবর্তে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য বালিজুরী রেঞ্জের পক্ষ থেকে জনসাধারণকে অনুরোধ করা হয়েছে।

সার্বিক পরিস্থিতি সম্পর্কে বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া জানান, সীমান্ত সড়কের উপর পাহাড় ধস ও গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। পরে আমার লোকজন নিয়ে গাছ কেটে রাস্তা পরিষ্কার করলেও মাটি সরানোর কাজ করছে ফায়ার সার্ভিস। আশা করি রাতের মধ্যে মাটি সরানোর কাজ শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *