৮ মে ২০২৬, শুক্র

হজ নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ সতর্কবার্তা

হজ ব্যবস্থাপনা আরও কঠোর করেছে সৌদি আরব। অনুমতি ছাড়া হজ পালন বা পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল জরিমানা করতে পারে দেশটির সরকার। এ অবস্থায় বাংলাদেশি নাগরিকদের সৌদি আরবের নির্ধারিত হজবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাজিদের ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি সরকার নিয়ম আরও কঠোর করেছে। বৈধ হজ পারমিট ছাড়া হজ করা বা চেষ্টা করলে ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে জরিমানার পাশাপাশি দেশ থেকে বহিষ্কার এবং সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুধু অবৈধ হজযাত্রী নয়, সহায়তাকারীদেরও ছাড় দেওয়া হবে না। অবৈধ হাজিদের পরিবহণ, আবাসন বা অন্য কোনোভাবে সহায়তা করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে। অপরাধীর সংখ্যার ভিত্তিতে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।

এ বিধান ট্রাভেল এজেন্সি, আবাসন সেবাদাতা, যানবাহনের মালিক এবং অবৈধ হাজিদের আশ্রয়দাতা সবার জন্য প্রযোজ্য। এসব কাজে ব্যবহৃত যানবাহন আইনি প্রক্রিয়া শেষে জব্দ করারও হুঁশিয়ারি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সংশোধিত নিয়ম অনুযায়ী, কেবল অনুমোদিত হজ পারমিটধারীরাই মক্কা ও নির্ধারিত পবিত্র স্থানগুলোতে প্রবেশ করতে পারবেন। সৌদিতে বসবাসকারীসহ সব হাজির জন্য এ নিয়ম প্রযোজ্য। জিলকদ মাসের প্রথম দিন থেকে জিলহজের ১৪ তারিখ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এসময় ভিজিট ভিসাধারীরা বৈধ হজ অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ বা অবস্থান করতে পারবেন না।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক, বাসিন্দা ও সব ভিসাধারীকে বিধি মেনে চলার অনুরোধ করেছে। আইন ভঙ্গের তথ্য জানাতে প্রধান অঞ্চলে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ নম্বরে কল করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *