5 Aug 2026, Wed

হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজে সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে পরাজয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারিয়েছে টাইগাররা। আজ সিরিজের শেষ ম্যাচে মাঠে নামছে স্বাগতিকরা। এই ম্যাচেও হারলে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

তাই সম্মান রক্ষার এই ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ম্যাচে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়া সাকলাইন বাদ পড়তে পারেন একই সঙ্গে একাদশ থেকে বাদ পড়ার শঙ্কায় রয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। চট্টগ্রামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে চার ওভারে ৪৬ রান খরচ করে সমালোচনার মুখে পড়েন তিনি।

তবে ধারাবাহিকভাবে ভালো করতে না পারলেও শামীম হোসেন পাটোয়ারী দলের আস্থার জায়গায় রয়েছেন। ফলে শেষ ম্যাচেও তার একাদশে থাকার সম্ভাবনাই বেশি।

ব্যাটিং বিভাগে ওপেনিংয়ে দেখা যেতে পারে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমকে। তিন নম্বরে খেলতে পারেন অভিজ্ঞ সৌম্য সরকার। মিডল অর্ডারে দায়িত্ব সামলাতে পারেন পারভেজ হোসেন ইমন, অধিনায়ক তাওহীদ হৃদয় এবং শামীম হোসেন পাটোয়ারী।

অলরাউন্ডার হিসেবে শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদের ওপর ভরসা রাখার সম্ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। বোলিং আক্রমণে থাকবেন মুস্তাফিজুর রহমান। সিরিজের প্রথম দুই ম্যাচে না খেলা তাসকিন আহমেদের ফেরার সম্ভাবনাও জোরালো। তার সঙ্গে গতি আক্রমণে থাকতে পারেন তরুণ পেসার নাহিদ রানা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ লড়াই। হোয়াইটওয়াশ এড়াতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *