ক্রিকেটকে কেন্দ্র করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আমির খানের লড়াইয়ের সিনেমা ‘লগন’ এর জনপ্রিয়তা পঁচিশ বছরেও ‘অম্লান’। আমিরের জাত চেনানো সিনেমাটি পরিচালনা করেছিলেন আশুতোষ গোয়ারিকর। নতুন সিনেমা নিয়ে এত বছর পর ফের এক হচ্ছেন আমির ও আশুতোষ। এবারের চিত্রনাট্যও ক্রিকেটকে কেন্দ্র করে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। তবে ‘লগন’ মত অপেশাদার খেলোয়াড় হিসেবে নয়; নতুন সিনেমায় আমির পর্দায় আসবেন জাতীয় দলের ক্রিকেটারের চরিত্রে।
সাতচল্লিশের ভারত-পাকিস্তান বিভাজনের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমার চিত্রনাট্যের কাজ জোরকদমে এগিয়ে চলেছে। চিত্রনাট্য লিখেছেন পীযূষ গুপ্ত ও নীরাজ সিং। সেই চিত্রনাচ্যে পরিচারক রাজকুমার হিরানিও অবদান রাখছেন। সিনেমার প্রি-প্রোডাকশন শুরুর জন্য আনুষ্ঠানিক সম্মতি দিয়েছেন আমির। বিশার পরিসরের এই সিনেমার কাজ চলতি বছরের সেপ্টেম্বরের দিকে শুরু হতে পারে।
চিত্রনাট্য নিয়ে পিংকভিলা বলছে ভারতের ক্রিকেটের প্রবাদপ্রতিম লালা অমরনাথের বায়োপিক বানাতে চলেছেন আমির-আশুতোষ। ১৯৫২ সালের ঐতিহাসিক ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে সিনেমাটি। দেশভাগের পর ওই প্রতিকূল পরিস্থিতিতে দুই দেশের প্রথম ক্রিকেট খেলার লড়াই কীভাবে বন্ধুত্ব, দেশপ্রেমে প্রভাবিত করেছিল, সে গল্প তুলে ধরা হবে সিনেমায়।
আমির এই সিনেমায় লালা অমরনাথের চরিত্রে অভিনয় করবেন। যিনি নেতৃত্ব দিয়েছিলেন ঐতিহাসিক ওই সিরিজে ভারতীয় টিমকে। তবে আমিরের সঙ্গে আরও কারা আছেন, তা প্রকাশ করা হয়নি। সিনেমাটি প্রযোজনা করবে এক্সেল এন্টারটেইনমেন্ট। ‘দিল চাহতা হ্যায়’ ও ‘তালাশ’ সিনেমার পর ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রতিষ্ঠানটির সঙ্গে আমির তৃতীয় কোনো কাজ নিয়ে যুক্ত হচ্ছেন।
এদিকে চলতি বছরে আমির ‘থ্রি ইডিয়টস’ এর সিক্যুয়েলের কাজও শুরু করতে যাচ্ছেন। চেতন ভগতের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘থ্রি ইডিয়টস’ ২০০৯ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল। নির্মাতা রাজকুমার হিরানির পরিচালনায় সিনেমাটি কেবল ব্যবসাসফলই হয়নি, ভারত এবং ভারত ছাড়িয়ে বাইরের দেশগুলোতেও তরুণদের পছন্দের চলচ্চিত্রে পরিণত হয়। আমির খান বলেছেন, এবারের চিত্রনাট্য আগাবে মূল কাহিনীর এক দশক পর থেকে। অর্থাৎ র্যাঞ্চো, ফারহান ও রাজুর জীবনের পরবর্তী অধ্যায়ই তুলে ধরা হবে চিত্রনাট্যে।

