10 Aug 2026, Mon

৯৪ বছরের ইতিহাসে যা হয়নি, সেই কীর্তিই গড়ে দেখাল বার্সেলোনা

ঘুম থেকে উঠে এতক্ষণে হয়তো জেনেও গেছেন যে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে উড়িয়ে দিয়ে লা লিগা চ্যাম্পিয়ন হয়ে গেছে। কোচ হানসি ফ্লিকের দল এ নিয়ে টানা দ্বিতীয় মৌসুমে লিগ জিতল। এ শিরোপাজয়ে বার্সেলোনা গড়ে ফেলেছে এমন এক কীর্তি যা শেষ ৯৪ বছরে কোনো দল গড়ে দেখাতে পারেনি।
ম্যাচটা জিতলেই বার্সেলোনার জন্য শিরোপা নিশ্চিত, এমন এক সমীকরণ ছিল। এই ম্যাচ আবার অন্য কারণে বিশেষ হয়ে দাঁড়িয়েছিল। আগের দিন সকালে কোচ হানসি ফ্লিক জানতে পেরেছিলেন তার বাবা আর নেই। এমন শোক সামলে নিয়েও তিনি বার্সেলোনার ডাগআউটে দাঁড়িয়েছিলেন, ম্যাচটা এল ক্লাসিকো বলেই হয়তো।
তার শোককে শক্তিতে পরিণত করে বার্সেলোনা ১৮ মিনিট না যেতেই ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নেয়। ৯ মিনিটে মার্কাস র‍্যাশফোর্ডের দুর্দান্ত এক ফ্রি কিক দলকে এগিয়ে দেয়। এর ৯ মিনিট পর দানি অলমো আর ফেররান তরেসের যুগলবন্দিতে ভর করে যখন দ্বিতীয় গোলটা এল, তখন আর ম্যাচ নিয়ে অনিশ্চয়তাই ছিল না। শেষমেশ সেই ব্যবধানটা ধরে রেখেই জয় নিশ্চিত করে কাতালানরা।

এই ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট দাঁড়াল ৩৫ ম্যাচে ৯১ আর রিয়াল মাদ্রিদের সমান ম্যাচে ৭৭। অর্থাৎ বার্সা বাকি সব ম্যাচ হেরে গেলে আর রিয়াল সব ম্যাচ জিতলেও আর অবস্থানের হেরফের হবে না। ফলে শিরোপা নিশ্চিত হয়ে যায় কাতালানদের।

এল ক্লাসিকোর ফলাফল সবসময়ই লা লিগার গতিপথ ঠিক করে দেয়। তবে আর সব বার হয় এই ম্যাচের আগেই সমীকরণ শেষ হয়ে যায়, না হয় পরে আরও কিছু সমীকরণ থেকে যায়। এবারের হিসাবটা ছিল ভিন্ন। বার্সেলোনা ম্যাচটা জিতল, সঙ্গে সঙ্গে লা লিগার ট্রফিটা এনে ধরিয়ে দেওয়া হয় তাদের হাতে।
লা লিগায় এমন কিছুর নজির শেষ ৯৪ বছরে দেখা যায়নি। সবশেষ কোনো এল ক্লাসিকোতে সরাসরি ফল নির্ধারিত হয়েছিল ১৯৩২ সালে। সেবার লিগের শেষ দিনে বার্সেলোনার সঙ্গে ড্র করে তৎকালীন মাদ্রিদ এফসি জিতে নেয় নিজেদের দ্বিতীয় লিগ শিরোপা। এরপর থেকে প্রায় ৯৪ বছর এমন নজির দেখা যায়নি। গত রাতে ভুলে যাওয়া সে স্মৃতি আবারও মনে করিয়ে দেয় বার্সেলোনা।

কাতালানদের সামনে আর কোনো ট্রফি জেতার নেই। তবে একটা রেকর্ডের হাতছানি আছে। ২০১২-১৩ মৌসুমে কোচ তিতো ভিলানোভার বার্সেলোনা ১০০ পয়েন্ট নিয়ে লিগ জিতেছিল। তার আগের মৌসুমে কোচ জোসে মরিনিওর রিয়াল মাদ্রিদও প্রথম দল হিসেবে ১০০ পয়েন্ট নিয়ে লা লিগা জিতেছিল। বাকি তিন ম্যাচ জিতলে সে রেকর্ড দুটো ছুঁয়ে ফেলতে পারে হানসি ফ্লিকের বার্সেলোনা। লিগের শেষটা নিশ্চয়ই তেমন ভাবেই করতে চাইবেন রাফিনিয়া-রবার্ট লেভান্ডভস্কিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *