৩০ এপ্রি ২০২৬, বৃহঃ

যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে (ইউএসএফ) হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের প্রথম জানাজা আজ অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) টাম্পা বে এরিয়ার ইসলামিক সোসাইটিতে এ জানাজা অনুষ্ঠিত হবে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, লিমনের মরদেহ আগামী সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছাবে। তবে নাহিদা সুলতানা বৃষ্টির বিষয়ে আর কোনো তথ‍্য পাওয়া যায়নি।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানায়, এর আগে স্থানীয় সময় মঙ্গলবার জামিল লিমনের মরদেহ টাম্পার ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ। মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট, বাংলাদেশ কমিউনিটির সঙ্গে আলোচনা ও ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সঙ্গে সমন্বয় করে ফিউনারেল কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

মরদেহ হস্তান্তরের আগে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট জামিল লিমনের পরিবারের সম্মতি নিয়েছে। মুসলিম রীতিতে মরদেহের পরবর্তী সব প্রক্রিয়া সম্পন্ন হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার পর থেকে যে রহস্যের দানা বেঁধেছিল। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর লিমনের মরদেহ উদ্ধার এবং তার রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে গ্রেপ্তারের পর সেই ঘটনার নেপথ্যের লোমহর্ষক তথ্যগুলো সামনে আসছে। আদালতের নথিপত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী, এই হত্যাকাণ্ড ছিল অত্যন্ত নৃশংস এবং পরিকল্পিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *