২৯ মে ২০২৬, শুক্র

মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেল বাংলাদেশ

সাফ নারী চ্যাম্পিয়নশিপে মালদ্বীপ ইতোমধ্যে ভারতের কাছে ১১-০ গোলের বড় পরাজয় বরণ করেছিল। দুইবারের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের কাছ থেকে সহজ জয়ের প্রত্যাশা থাকলেও বাস্তবে তিন পয়েন্ট আদায় করতে গিয়ে দলটিকে রীতিমতো ঘাম ছোটাতে হয়েছে। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শেষ পর্যন্ত ৪-২ গোলে মালদ্বীপকে হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এই পরাজয়ের মধ্য দিয়ে দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল মালদ্বীপ। অন্যদিকে বাংলাদেশ ও ভারত — উভয় দলই একটি করে জয়ে ৩ পয়েন্ট অর্জন করে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আগামী ৩১ মে বাংলাদেশ ও ভারতের মধ্যে গ্রুপ সেরা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। ওই ম্যাচ ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থেকে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

ম্যাচের শুরুতেই প্রথম মিনিটে সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকীর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ৩৪ মিনিটে উমহেলার গোলে ব্যবধান দ্বিগুণ হয়। তবে কোচ বাটলারের হাই লাইন ডিফেন্স কৌশলের দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রথমার্ধেই মালদ্বীপের নুরা বাংলাদেশের ডিফেন্সকে ফাঁকি দিয়ে গোলরক্ষক মিলির মাথার উপর দিয়ে বল জালে পাঠান।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ফাজলার শটে আবারও বিপদে পড়ে বাংলাদেশ। এবার মিলি বলটি আঁকড়ে ধরতে ব্যর্থ হন। তবে মাত্র ছয় মিনিট পর ভাগ্য সহায় হয় বাংলাদেশের। মালদ্বীপ গোলরক্ষকের হাত থেকে ফসকে যাওয়া বলটি সুরভি আকন্দ প্রীতি গোলে পরিণত করেন এবং বাংলাদেশ পুনরায় এগিয়ে যায়।

ঋতুপর্ণা চাকমা দূর থেকে একাধিক শট নিলেও গোল করতে পারেননি। অবশেষে ইনজুরি সময়ে ঋতুপর্ণার কর্নার থেকে কোহাতি কিসকু গোল করলে বাংলাদেশ স্বস্তির নিঃশ্বাস ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *