সুস্থ থাকতে প্রতিদিন অন্তত পাঁচ ভাগ ফল ও শাকসবজি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে একটি ফলের সালাদে একসঙ্গে পাঁচ নয়, বরং সাত ধরনের ফল যুক্ত করে পুষ্টিকর খাবার তৈরি করা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, প্রতিটি ফলে ভিন্ন ভিন্ন ধরনের ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই বিভিন্ন ফল একসঙ্গে খেলে শরীর প্রয়োজনীয় নানা পুষ্টি উপাদান পায়। এছাড়া ফলের সালাদে থাকা খাদ্যআঁশ (ফাইবার) হজমে সহায়তা করে এবং সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে।
ফলের সালাদ তৈরির ক্ষেত্রে মৌসুমি ফল ও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী উপকরণ পরিবর্তন করা যেতে পারে। সাধারণত কিউই, তরমুজ, আম, আনারস, আঙুর, বিভিন্ন ধরনের বেরি, স্ট্রবেরি ও কমলা ব্যবহার করা হয়।
প্রথমে সব ফল ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর কিউইর খোসা হালকাভাবে ছাড়িয়ে বা খোসাসহ পাতলা টুকরা করে একটি বাটিতে রাখতে হবে। এর সঙ্গে কাটা তরমুজ ও আম মিশিয়ে নিতে হবে।
এরপর আনারসের খোসা ও শক্ত অংশ ফেলে ছোট ছোট টুকরা করে বাটিতে যোগ করতে হবে। আঙুর অর্ধেক করে কেটে মিশিয়ে নিতে হবে। চাইলে বিভিন্ন ধরনের বেরি ও স্ট্রবেরিও যোগ করা যেতে পারে।
সবশেষে কমলার ভেতরের পাতলা আবরণ সরিয়ে কোয়াগুলো সালাদে মেশাতে হবে। কমলা কাটার সময় বের হওয়া রসও সালাদে যোগ করা যেতে পারে, যা স্বাদ আরও বাড়িয়ে দেয়।
মিষ্টি স্বাদ পছন্দ হলে সামান্য মধু যোগ করা যেতে পারে। এরপর সব উপকরণ ভালোভাবে মিশিয়ে প্রায় ৩০ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করা যেতে পারে।
পরিবেশনের সময় তাজা পুদিনা পাতা, ডালিমের দানা বা গুঁড়া করা বাদাম দিয়ে সাজিয়ে নিলে সালাদটি আরও আকর্ষণীয় ও পুষ্টিকর হয়ে উঠবে।
সূত্র- সামা টিভি

