নিউজিল্যান্ডের বিপক্ষে চলছে ইংল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজ। ইংল্যান্ড প্রথম টেস্টে ১১৫ রানে জিতলেও দ্য ওভালে দ্বিতীয় টেস্টে ২৫৩ রানের হার বরণ করে। সেই হারের ম্যাচেই জুটেছে অর্থ ও পয়েন্টের জরিমানা।
নির্ধারিত ওভার রেট অটুট রাখতে না পারায় ইংল্যান্ডকে এই শাস্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইসিসি। শাস্তি হিসেবে খেলোয়াড়দের ম্যাচ ফির অর্ধেক কেটে রাখা হয়েছে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ১২ পয়েন্ট কাটা হয়েছে।
আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সময়ের ছাড় বিবেচনায় নেওয়ার পর দেখা যায়, ইংল্যান্ড নির্ধারিত লক্ষ্যের চেয়ে ১২ ওভার পিছিয়ে ছিল। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য আইসিসির আচরণবিধির ২.২২ ধারার অধীনে ন্যূনতম ওভার রেট সংক্রান্ত অপরাধে, নির্ধারিত সময়ে বোলিং করতে ব্যর্থ হওয়া প্রতিটি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। তবে সর্বোচ্চ জরিমানার সীমা ম্যাচ ফির ৫০ শতাংশ।’
সব কিছু বিবেচনায় নিয়ে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই শাস্তি আরোপ করেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৬.১১.২ ধারা অনুযায়ী, নির্ধারিত ওভারের চেয়ে প্রতিটি ওভার কম হলে একটি করে পয়েন্ট কাটা হয়। ফলে ইংল্যান্ডের মোট ১২ পয়েন্ট বাদ দেওয়া হয়েছে।
স্টোকসের অনুপস্থিতিতে এই ম্যাচে ইংল্যান্ডের নেতৃত্বে ছিলেন জো রুট। তিনি অপরাধ মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

