ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রেন্ডন ম্যাককালামকে। সাথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে চলে গেছেন ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক বেন স্টোকসও। টেস্ট দলের জন্য তাই নতুন কোচ-অধিনায়কের খোঁজে মাঠে নেমেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)।
ব্রেন্ডন ম্যাককালামকে সাদা বলের দলের প্রধান কোচ হিসেবে রেখে দিয়েছে ইসিবি। লাল বলে নতুন কোচ খোঁজা হচ্ছে। আলোচনায় এসেছে একাধিক নাম। তবে একদম শুরুতে আলোচনায় সবচেয়ে এগিয়ে ছিল ইংল্যান্ডের সাবেক প্রধান কোচ এবং দুনিয়াজুড়ে কাজ করা দারুণ অভিজ্ঞ কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের নাম। তাকে টেস্ট দলের প্রধান কোচ করার প্রস্তাবও দেয় ইসিবি। বর্তমানে আইপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করছেন ফ্লাওয়ার। প্রয়োজনে আইপিএলের কাজ বিবেচনা করার পক্ষেও ছিল ইসিবি।
তবে কোচ হওয়ার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চাকরিতেই ভালো আছেন তিনি। ইসিবি যোগাযোগ করলেও তাই ইংল্যান্ডের দায়িত্ব নিতে রাজি হননি। এছাড়া একসাথে দুই দায়িত্ব চালিয়ে যেতেও রাজি ছিলেন না অ্যান্ডি ফ্লাওয়ার।
ফ্লাওয়ারকে না পাওয়ায় এখন অন্য বিকল্পের দিকে ঝুঁকছে ইসিবি। দ্যা টেলিগ্রাফ জানিয়েছে, নতুন কোচ হিসেবে রিচার্ড ডওসন এবং জোনাথন ট্রটের ব্যাপারে আগ্রহী ইংল্যান্ড। রিচার্ড ডওসন বেশ অভিজ্ঞ ইংলিশ কোচ। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দল বা ইয়াং লায়ন্স দলের প্রধান কোচের দায়িত্বে দীর্ঘ দিন কাজ করেছেন। সহকারী কোচ হিসেবে ইংল্যান্ডের সাদা বলের দলের সাথেও কাজ করেছেন। এর বাইরে কাউন্টি ক্রিকেটের বিভিন্ন দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। ইয়র্কশায়ারের দ্বিতীয় একাদশের প্রধান কোচও ছিলেন অনেক দিন। কাজ করেছেন দ্যা হান্ড্রেডের দল ওয়েলশ ফায়ারের সহকারী কোচের দায়িত্বে। বর্তমানে আছেন গ্লেমরগানের প্রধান কোচের দায়িত্বে।
জোনাথন ট্রট কোচ হিসেবে অনেকটাই তরুণ। তবে ছোট ক্যারিয়ারে ইতোমধ্যে বেশ ভালো কিছু কাজ করে ফেলেছেন ট্রট। আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন প্রায় সাড়ে ৩ বছরের বেশি। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন জোনাথন ট্রট।
আফগানদের দায়িত্ব নেওয়ার আগে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ এবং লায়ন্স দলের প্রধান কোচ ছিলেন ট্রট। মাঝে এসএ২০ এর দল প্রিটোরিয়া ক্যাপিটালস এবং আইএলটি-টোয়েন্টিতে গালফ জায়ান্টসের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন। ট্রটের অধীনে আফগানিস্তানের সাফল্যও এসেছে অনেক। টেস্টে কিছুটা নাজুক হলেও সাদা বলে দারুণ করেছে আফগানরা। খেলেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। হারায় বাংলাদেশকে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারায় ইংল্যান্ডকে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ইংল্যান্ডকেও হারিয়েছিল আফগানিস্তান, হয়েছিল ৬ষ্ঠ। দ্বিপাক্ষিক সিরিজ, এশিয়া কাপেও দারুণ পারফর্ম করেছে আফগানরা। বর্তমানে আফগানিস্তান সিরিজের জন্য আয়ারল্যান্ডের পরামর্শকের দায়িত্বে আছেন ট্রট।
আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব থেকে বিদায় নেওয়ার সময় ইংল্যান্ডকে কোচিং করানোর ইচ্ছার কথাও জানিয়েছিলেন জোনাথন ট্রট।
সংবাদ সম্মেলনে ট্রট বলেছিলেন, ‘ক্যারিয়ারে যেভাবে খেলেছি, তাতে আমি গর্বিত। ইংল্যান্ড দলকে সবসময় ভালো করতে দেখতে চাই। যে দল আমার হৃদয়ের এত কাছাকাছি, একদিন আশা করি সেই দলকে কোচিং করানোর সুযোগ পাব। নিশ্চিতভাবেই আরও অনেকেই দায়িত্বটি খুব করে পেতে চাইবে। কাজেই দেখা যাক। তবে কোচিং করাতে উপভোগ করি আমি এবং এখানেও গত কয়েক বছর উপভোগ করেছি নিশ্চিতভাবেই। এখানে আমার যাত্রা ওঠানামার মধ্য দিয়েই গেছে তবে আমি দারুণ কিছু স্মৃতি পেয়েছি।’
ট্রট বাদেও আলোচনায় আছে স্টিফেন ফ্লেমিংয়ের নাম, জানিয়েছে ক্রিকইনফো। ফ্লেমিং দীর্ঘ ১৮ বছর চেন্নাই সুপার কিংসের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। তার অধীনে পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছিল চেন্নাই। শেষ দিকে কিছুটা কমে এসেছে চেন্নাইয়ের সাফল্য। সর্বশেষ দুই আসরে প্লে-অফে খেলতে পারেনি চেন্নাই। সুপার কিংসের বাকি দুই দল জোবার্গ এবং টেক্সাস সুপার কিংসের প্রধান কোচও ছিলেন ফ্লেমিং। ছেড়েছেন ৩ দলের দায়িত্বই। কিছুদিন আগে ইংল্যান্ডের টেস্ট দলের প্রধান কোচ হওয়ার ক্ষেত্রে নিজের আগ্রহের কথাও জানিয়েছিলেন ফ্লেমিং। প্রস্তাব পেলে বিবেচনা করবেন বলে জানিয়েছেন।
এছাড়া আলোচনায় আছে টম মুডির নামও। যিনি লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের গ্লোবাল ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্বে রয়েছেন। আসন্ন পাকিস্তান সিরিজের আগেই নতুন কোচ নিয়োগ দিতে চায় বলে জানিয়েছিল ইসিবি। কোচের পছন্দে নতুন টেস্ট অধিনায়কও বেছে নেওয়া হবে। তবে পাকিস্তান সিরিজের আগে পছন্দমত কাউকে না পেলে অন্তবর্তীকালীন দায়িত্বে প্রধান কোচ হিসেবে মারকাস ট্রেসকোথিক এবং অধিনায়ক হিসেবে জো রুটকে দেখা যেতে পারে বলে জানিয়ে রেখেছে ক্রিকইনফো।
যদিও পাকাপাকিভাবে অধিনায়ক হওয়ার দৌড়ে বেশ এগিয়ে আছেন হ্যারি ব্রুক। তিন ফরম্যাটে একই সাথে ব্রুককে অধিনায়ক বানানো হবে কিনা সেই সিদ্ধান্ত অবশ্য ইসিবির, যদিও ব্রুক নিজে দায়িত্ব নিতে আগ্রহী বলে জানিয়ে রেখেছেন। এখন দেখা যাক, কাদের কাঁধে ওঠে ইংলিশদের টেস্ট দলের দায়িত্ব।

