সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. আলমাছ সরদার ফরিদ (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহতের খবর পাওয়া গেছে।
ফরিদ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বালিথুবা গ্রামের বাসিন্দা।
বুধবার (১৫ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অব রশিদ।
ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক আবু তালেব সরদারের ছোট ছেলে ফরিদ।
পরিবার সূত্রে জানা যায়, ভাগ্য পরিবর্তনের আশায় ২ বছর ৯ মাস আগে সৌদি আরবে পাড়ি জমান ফরিদ। গত ২৪ মার্চ থেকে তার পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বুধবার বিকালে ফরিদের বাবার মোবাইলে সৌদি আরব থেকে মৃত্যুর খবরটি জানানো হয়। ফোনের ওপাশ থেকে বলা হয়, ২৪ মার্চ রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় ফরিদের মৃত্যু হয়েছে।
ফরিদের বাবা আবু তালেব সরদার বলেন, আমার ছেলে সৌদি আরবে একটি কপি হাউজে শ্রমিকের কাজ করত। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ফরিদ। অনেক আশা-ভরসা নিয়ে তাকে সৌদি আরবে পাঠিয়েছিলাম। সে পরিবারের হাল ধরবে। কিন্তু অল্পতেই স্বপ্ন ধুলিসাৎ হয়ে গেল।

