২৩ এপ্রি ২০২৬, বৃহঃ

চট্টগ্রামে ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, নিহত ২

চট্টগ্রামের হালিশহর আগ্রাবাদ বি-ফোর এক্সেস রোড এলাকায় খননের সময় মাটি ধসে দুই শ্রমিক নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে চীনা হাইড্রো কোম্পানির কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

জসীম উদ্দীন বলেন, খননকাজ চলার সময় হঠাৎ মাটি ধসে পড়ে চার শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- রাকিব ও তুষার, যাদের বাড়ি দিনাজপুর জেলায়। আহত দুই শ্রমিক হলেন- সাগর ও এরশাদ। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক জানান, আহত দুই শ্রমিক সাগর ও এরশাদকে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *