২০ মে ২০২৬, বুধ

চোটে আর্জেন্টাইন মিডফিল্ডার, বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা

বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে আবারও বড় ধাক্কা। চোটে তরুণ মিডফিল্ডার নিকো পাজের বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

ইতালিয়ান ক্লাব কোমো ১৯০৭-এর হয়ে দুর্দান্ত মৌসুম কাটাচ্ছেন ২১ বছর বয়সী এই ফুটবলার। তবে, হাঁটুর সমস্যার কারণে সর্বশেষ পারমার বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি তিনি। জানা গেছে, এর আগে ভেরোনার বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুতে আঘাত পান নিকো পাজ।

প্রাথমিক পরীক্ষায় বড় ধরনের লিগামেন্ট বা পেশির চোট ধরা না পড়লেও তার হাঁটুর হাড়ে সমস্যা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণেই পরিস্থিতি নিয়ে বাড়তি সতর্কতা দেখাচ্ছে আর্জেন্টিনা।

দেশটির সংবাদমাধ্যম বলছে, নিকো পাজের শারীরিক অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করতে ইতালিতে চিকিৎসক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষ। সেখানে ক্লাবের মেডিকেল স্টাফের সঙ্গেও কথা বলা হবে।

চলতি মৌসুমে ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার জোর দাবিদার নিকো পাজ। কিন্তু সময়ের এই চোট তার বিশ্বকাপ স্বপ্নে বড় ধাক্কা হয়ে আসতে পারে।

বিশ্বকাপ শুরুর আগে তাই তরুণ এই তারকার ফিটনেস এখন বড় উদ্বেগের নাম হয়ে উঠেছে আর্জেন্টিনা শিবিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *