১৫ মে ২০২৬, শুক্র

ঠাকুরগাঁওয়ে রাস্তায় মিলল এসএসসির ৫০ খাতা

ঠাকুরগাঁও শহরের জেলা স্কুলের বড় মাঠসংলগ্ন এলাকা থেকে এসএসসি পরীক্ষার প্রায় ৫০টি খাতা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) রাতে রাস্তায় পড়ে থাকা খাতাগুলো দেখতে পেয়ে এক যুবক পুলিশকে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জেলা স্কুলের বড় মাঠের পশ্চিম পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় ওই যুবকের নজরে আসে ছড়িয়ে–ছিটিয়ে থাকা কয়েকটি খাতা। কাছে গিয়ে তিনি ধারণা করেন, এগুলো এসএসসি পরীক্ষার খাতা হতে পারে। পরে গুরুত্ব বুঝে বিষয়টি পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খাতাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কীভাবে গুরুত্বপূর্ণ এসব খাতা রাস্তায় এল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

ঠাকুরগাঁও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন জানান, রাতের দিকে এক ব্যক্তি প্রায় ৫০টি খাতা কুড়িয়ে পেয়ে পুলিশকে খবর দেন। উদ্ধার হওয়া খাতাগুলো বর্তমানে থানার হেফাজতে রাখা হয়েছে।

তিনি বলেন, এখনো খাতাগুলোর দায়িত্বে থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *