১৭ এপ্রি ২০২৬, শুক্র

সারা দেশে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যার মধ্যে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার সই করা পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে দেওয়া পূর্বাভাসে সিনপটিক অবস্থার কথা জানিয়ে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

পূর্বাভাসে বলা হয়, আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরের ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *